বরষা
শিরোনাম: বরষা
কলমে হিফজুর রহমান লস্কর
তারিখ: ০১/০৬/২০২৫
নীলাকাশে কালো মেঘ ছোটে চলে ঝড়ো বেগ
আঁধারে যে ঘিরিছে সহসা।
ধুলিমাখা ধরা তলে জলরাশি এলো বলে
এসেছে সে নবীন বরষা।
চাঞ্চল্যে প্রকৃতি নাচে স্বস্তির নিঃশ্বাসে বাঁচে
ধুয়েমুছে দেয় পাপাচার।
কি হয় কখন পাছে বুঝার কি সাধ্য আছে
স্রষ্টার মহিমা সারা সার।
বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি মুষলধারে বৃষ্টি
চারিদিকে শুধুই আঁধার।
গগনে গর্জায় বাজ ধরিত্রীর কালো সাজ
নেই কোথা আলোর বাহার।
গর্জনে চমকি উঠি বর্ষণে শঙ্কায় ছুটি
বৃষ্টি তব এ কী অনাসৃষ্টি!
ভেসে গেছে হাট মাট কোথা নেই পথঘাট
জলময় যায় যথা দৃষ্টি।
ধূ ধূ করা জলরাশি ফুলে ফেঁপে হাসিহাসি
খেলিছে যে সর্বনাশী খেলা।
ঘরদোর তট চিহ্ন সকলি হয়েছে ছিন্ন
স্তব্ধ হয়ে ভাবি এ বেলা।
হায়রে করাল গ্রাস সর্বত্র বিনাশ ত্রাস
চারিদিকে শুধু অশ্রুধারা।
উত্তাল তরঙ্গ রাশি নিচ্ছে সকলি ভাসি
কাঁদিছে যে হয়ে সর্বহারা।
হৃদয় উঠিছে কেঁপে প্রকৃতির তীব্র চাপে
বক্ষ চেপে ধরিছে প্লাবনে।
এই বলে ক্ষান্ত হই ভাঙাগড়া জীবনটাই
ধৈর্য ধরে থেকো সাবধানে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন