মোর বিশ্বাসী ভৃত্য
শিরোনামঃ মোর বিশ্বাসী ভৃত্য
রচনা: হিফজুর রহমান লস্কর
(রচনাকাল -১৪/১১/২০২৫)
শহরের ভিড়ে ভিখারির বেশে
চলছিল খালি পায়ে,
অসহায় ভেবে পাশে ডেকে দেখি
দুর্গন্ধ সারা গায়ে।
উস্কো খুস্কো চেহারা বেটার
মুখ ভরা কালো দাঁড়ি,
নামটা কেষ্ট ক্ষুধায় কাতর
নিয়ে আসি তারে বাড়ি।
সারাদিন গৃহে কাজ করে যায়
মনে নেই কোন দুখ,
মনিবের ঋণ ফিরে দিবে শ্রমে
তাই তার মনে সুখ।
বড়ই ভক্ত বড়ই সরল
রুটি খায় দুই বেলা,
বাড়ি ভরা লোক সকলেই ডাকে
কোন কাজে নেই হেলা।
যতটুকু বলি আরো বেশি করে
সদা হাসি থাকে মুখে ,
যতই বকুনি নিরবেই সহে
ক্ষোভ নেই তার বুকে।
গিন্নি তবুও আড়চোখে চায়
মুখ করে কালো ঘোর,
কোন কিছু কভু হেরে গেলে বলে
কেষ্ট বেটাই চোর।
এতো সন্দেহ তবু প্রসন্ন
দেখেছি তাহারে নিত্য,
গিন্নিরে তাই বুঝায়ে রেখেছি
সে মোর বিশ্বাসী ভৃত্য।
বিত্তশালীর শাসন নিত্য
গরীবের তরে ধায়,
অসহায় হয়ে অপবাদ সহে
মানবতা লোপ পায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন