আত্ম ভাবনা
শিরোনাম: আত্ম ভাবনা
রচনা: হিফজুর রহমান লস্কর
সাগরের তীরে জলরাশি ভিড়ে
বসে আছি একা তায়।
কুলু কুলু ধ্বনি জল মাঝে শুনি
ঢেউ আসে ঢেউ যায়।
বসে আনমনে গোধূলি লগনে
শুনি ঢেউয়ের বাণী।
কঠোর এ ভবে যেতে হবে সবে
বোঝেনা তো পথ খানি।
রাখি না তো মনে জীবনের ক্ষনে
কতো ফুল ঝরে যায়।
যাঁরা ছিল আগে নাই পুরোভাগে
কোন স্মৃতি তার হায়!
স্বার্থান্বেষী জন থাকে না কখন
স্মৃতির বাঁধনে বাঁধা।
যা আছে সবার ধন সম্ভার
সব ধূলো আর কাদা।
মোহময়ী ধরা অতি মনোহরা
যেতে নাহি চায় কেহ,
আয়ু শেষ হলে যেতে হবে চলে
পড়িয়া থাকিবে গেহ।
ভেবে আঁখি জল করে ছল ছল
প্রভুর করুনা চাই।
যতদিন আছি ভালবাসা যাচি
জীবে প্রেম করে যাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন