যায়না তো ভুলা
শিরোনামঃ যায়না তো ভুলা
কলমে হিফজুর রহমান লস্কর
তারিখ ২৯/১১/২০২৫
বসে যবে বাতায়নে লিখে যাই আনমনে
আঁখি পাতা ভারী হয়ে উঠে।
লিখিব যাহার কথা মনে এলে পাই ব্যথা
কলমেতে কথা নাহি ফুটে।
ছিল সে যে সুনয়না এক অনন্য ললনা
ভালোবেসে এসেছিল তায়।
নামটা ছিল যে রেখা নদীতীরে পাই দেখা
সূর্যাস্তের রঙিন আভায়।
বলেছিল পাশে বসি দিল খোলে ভালোবাসি
স্বর্ণালী সেই সন্ধ্যায়।
কোথা থেকে ঝড় এসে ছিনিয়ে নিল যে শেষে
চেয়ে দেখি আমি একা তায়।
বহুদিন হয়ে গেছে স্মৃতি মাঝে তবু আছে
সে যে মোর আদরের দোলা।
যত ভাবি ভুলে যাই স্বপনেতে দেখা পাই
কভু তারে যায়না তো ভুলা।
সেদিন স্বপনে এসে বলেছিল হেসে হেসে
লিখ এক কাব্য মোর নামে।
আত্মা যাতে সদা 'রাজে তোমার লেখনী মাঝে
অমর থাকিব এই ধামে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন