বিদায়


রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ ১০/০৯/২০২২

বিদায় বেলার স্তব্ধ লগ্নে ভারাক্রান্ত মনে
কোন ভাষাতে জানাই বিদায় ভাবছি ক্ষণে ক্ষণে।
কণ্ঠ আমার রুদ্ধ আজিকে ছিন্ন হৃদয় বীণ
কেমন করে বলবো প্রিয়  আজ বিদায়ের দিন।
বিদায় মানে হাজার কষ্ট ভারাক্রান্ত মন
দীর্ঘ দিনের স্মৃতি ঘেরা প্রেমের আলিঙ্গন।
বিদায় মানে ছন্দ পতন চলার গতিপথে 
আসলে ভবে যেতে হবে লেখা জীবন রথে।
বিদায় মানে চোখের আড়াল ফেরা আপন নীড়ে
হাজার স্মৃতি এক নিমেষেই শুধু ঘুরে ফিরে।
শিক্ষাঙ্গনে হয় আগমন কোন রঙিন দিনে
এক হয়ে যাই মেলামেশায় প্রেমের আলাপনে।
সকল বাঁধন ছিন্ন হবে ব্যথায় বিভোর মন
বিধির বিধান মানতে হবে এল বিদায়ের ক্ষণ।
মন খারাপের সকল সুরই বেজে উঠে গানে
থাকবে গাঁথা সকল কথা সবার হৃদয় প্রাণে।
সুপ্রভাতের সূর্য যেমন রঙিন আভায় পাটে
বয়ে চলা জীবন তরী তেমনি ভীড়ে ঘাটে।
যদিও আজি বিদায় দিচ্ছি এই আঙিনা থেকে
স্মৃতিগুলো মালা হয়ে থাকবে মাধুরী মেখে।
জীবন পথে জুড়েছিলাম সবাই একই ফ্রেমে
একে একে খসছে সবাই বিধির লিখা প্রেমে।
আসা যাওয়া এইতো জীবন মাঝে শুধু বিরাম
তবুও যেন হারানো ব্যথা কাঁদায় অবিরাম।
এই জীবনে বিদায় দিলাম কতো হীরা পান্না
এ হারানোর বিষাদ যেন মাছের মায়ের কান্না।

                    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী