দেহের কারিগর
দেহেরি ভিতর আছে কারিগর
বুঝে নিতে হবে ভাই ,
মহলের মত নয়টি দরজা
এঁটে দিয়েছেন সাঁই।
এদেহ রক্ষায় অতন্দ্র প্রহরী
পাঁচ জন থাকে কাছে,
মোতির মালাটি ছিনে নেয় কেউ
কার সে সাধ্য আছে!
ছয় ডাকাতে বুদ্ধি করে সদা
কেমনে ধ্বংসিবে রসে,
তাইতো তারা কুমন্ত্রণা দেয়
দিবানিশি পাশে বসে।
এদের প্রভাবে প্রভাবিত হলে
মানবতা পায় লোপ,
সততা হারায়ে কুকর্ম করে
বদলায় তার রূপ।
সাধক যারা করে আরাধনা
রাখেন এদেরে বশে,
তখনি ডাকাত অশান্ত হয়ে
পালাবার অঙ্ক কষে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন