সেতো আমি জানি

 

শিরোনাম: সেতো আমি জানি 

কলমে: হিফজুর রহমান লস্কর 

তারিখ ১০/০৭/২০২৫


কাজ করছে ফোকলা দাদু 

লেবু গাছের নিচে,

হুঁকো হাতে নাতি এসে 

ঘুরছে পিছে পিছে।


হঠাৎ দাদু বলে উঠেন 

'দা' টা মোর কই?'

দা কোথায় দা কোথায় 

পড়লো হইচই।


কে নিলো কোথায় নিলো 

খুঁজছে সবাই মিলে,

হাসতে হাসতে দিদা বলে 

কান নিয়েছে চিলে।


খুঁজছে হেথা খুঁজছে হোথা 

খুঁজছে বাড়ি জুড়ে,

হাতে দাদু দা'টা রেখে 

মরছে জ্বলে পুড়ে।


দিদা বলে 'কি যে হলো 

মরি আমি লাজে,

সদাই তুমি এমন করো 

হরেক রকম কাজে।'


লজ্জা পেয়ে দাদু বলে 

'সব বেটারেই চিনি,

হাতে মোর দা'টা আছে 

সেতো আমি জানি।'

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়