দাদুর দুঃখ
রসের হাঁড়ি ফোকলা দাদু
রসময় তার নাম,
এক নামেতে সবাই চেনে
কুমার পাড়ায় ধাম।
মাটির কলস দৈ'এর হাঁড়ি
বানায় দাদু বেশ,
আজকাল আর কেউ কিনে না
কষ্টের নেই শেষ।
ফলের বাগান করে তাই
সংসার সুখ খুঁজে,
কুমার দাদুর এই কষ্টটা
কেউ কি কভু বুঝে!
কষ্ট করে ফলায় ফসল
আম জাম পেঁপে,
উচিত দামে বিক্রি করে
দাঁড়ি পাল্লায় মেপে।
বিনি পয়সায় কাউকে দেয় না
অতি কৃপণ বটে,
কয়ফলের কস্ বল্লেই দাদু
যায় বেজায় চটে।
আসতে যেতে উত্যক্ত করে
ডানপিটে সব ছেলে,
লাঠি হাতে ঠেঙ্গায় দাদু
হাতের কর্ম ফেলে।
রসের হাঁড়ি দাদুর দুঃখ
কেউ দেখে না ঘেঁটে,
অর্ধাহারে অনাহারে
যাচ্ছে দাদুর কেটে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন