গফুরের গরুর বিজনেস
গফুর মিয়া ঠিক করলো এবার গরু পালবে। ইউটিউবে দেখেছে, “গরু পালনে লাখপতি”।
বাজার থেকে তিনটা গরু কিনে আনলো। গরু গুলর একে একে নাম দিলো— ফেসবুক, ইউটিউব, টিকটক।
প্রথম দিন ফেসবুক প্রতিবেশীর লাউগাছ সাবাড় করলো।
প্রতিবেশী বললো, “তোমার ফেসবুক আমার লাউয়ের কমেন্ট বক্স খালি করে দিয়েছে!”
গফুর দৌড়ে গিয়ে বলল," ভাই, নতুন তো, বুঝে না।"
দ্বিতীয় দিন ইউটিউব গোয়ালঘরের কাঠ ফুট খুঁটি সব চিবিয়ে খেয়ে ফেললো। গফুরের বউ চেঁচালো, “তোমার ইউটিউবে অ্যাড বেশি, আমার ঘরের সব শেষ।"
তৃতীয় দিন টিকটক দড়ি ছিঁড়ে যেখানে যত কাপড় পেল, খেয়ে ফেললো। এরপর সোজা চেয়ারম্যানের বৈঠকখানায় ঢুকে চেয়ারম্যানের পাঞ্জাবি চিবাতে লাগলো। চেয়ারম্যান লাফ দিয়ে উঠে গফুরকে ডাক দিয়ে বললো, “গফুর, তোর টিকটক ভাইরাল হয়ে গেল রে। এবার আমি তোর উপর মোকদ্দমা করতে বাধ্য হবো।"
শেষে গফুর তিনটাকে বাজারে বেচতে গেল। খদ্দের জিজ্ঞেস করলো, “দুধ দেয়?”
গফুর দীর্ঘশ্বাস ফেলে বললো, “ভাই, দুধ না দিলেও ফেমাস করে দেয়। একেকটা সেলিব্রিটি। দাম একটু বেশিই লাগবে।”
অমনি একদল লোক এসে বললো," গরু তো কেউ কিনবে না। এগুলো মানুষের সব ফসল নষ্ট করে দেয়, রাস্তা জাম করে দেয়। তুমি বরং ওগুলো বাড়িতে নিয়ে বেঁধে রাখ। এইবলে খদ্দের গরু না কিনে গফুরকেই ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলো। ক্যাপশন দিলো-“গরু নয়, গরুর মালিকেই লাখপতি!”
সেই রাতে গফুর শুয়ে শুয়ে ভাবলো— ইউটিউব ঠিকই বলছিলো, গরু পালনে লাখপতি হওয়া যায়। তবে গরু পেলে নয়, গরু বেচে পালিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন