হাসি দিবস
রঙিন ডানার প্রজাপতি
মন খুশিতে নাচে,
তাইনা দেখে খোকন সোনা
পেতে চায় যে কাছে।
ফুলে ফুলে ঘুরে বেড়ায়
কী সুখ তার মনে,
ধরা হতে বিদায় নেবে
চৌদ্দ দিনের ক্ষণে।
নেই অভিযোগ নেই হাহাকার
প্রজাপতির মাঝে,
আনন্দে তে মাতোয়ারা
সকাল বিকাল সাঁঝে।
মানব জীবন বড়ই সুখের
উদাস কেন ভাই,
যেমন আছ তেমনি ভালো
তোমার উপর কেউ নাই।
কাল কি হবে ভেবোনা আর
হাসিখুশি থেকো,
হাসিতে যে আয়ু বাড়ে
সেটা মনে রেখো।
প্রজাপতি হও ক্ষণিকের তরে
রঙিন চোখে দেখো,
কালকে তুমি বাঁচবে কিনা
সেটা মনে রেখো।
নিজে হাস অন্যে হাসাও
দুঃখকে জয় করে,
হাসিটুকুই অমর থাকবে
তোমার লয়ের পরে।
মুখের হাসি জাগায় আশা
দুঃখী জনের প্রাণে,
রোগ ব্যাধি সব দূরে থাকে
এই তো হাসির মানে।
ডাক্তার বলে বিজ্ঞান বলে
হাসলে আয়ু বাড়ে,
তাইতো বলি আর দেরি নয়
জোরে হাসাও সবারে।
প্রাণ খুলে হাসুক সবাই
এটাই পরম ইচ্ছা,
সব বন্ধুদের জানাই এবে
হাসি দিবসের শুভেচ্ছা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন