সুখ
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-২৪/১১/২০২১
অপরের দোষ অপরের সুখ
খুঁজে ফেরো কেন বৃথা?
নিজের মাঝেই খুঁজে দেখো ভাই
সুখটা যে আছে কোথা!
বিষাদে পূর্ণ বিষাদ ই জীবন
নর ভাগ্যে সুখ নাই
দুঃখী মানব দুঃখ ই জীবন
সুখের ঠিকানা নাই।
সহায় সম্বল শক্তি ও বল
সে তো বালির বাঁধ
অল্প দিনেই হারায় যেমন
আঁধার রাতের চাঁদ।
নিভে যায় যদি আশার প্রদীপ
হেরোনা নিজের কাছে
ভগ্ন হৃদয়ে খুঁজে দেখো ভাই
দুরাশা মনের মাঝে।
ভাবনাটা যদি করিতে পার
পরহিত মনে নিয়া
সুখ পাখিটা এসে যাবে হাতে
ভরিবে বিরাট হিয়া।
নিজেকে নিয়ে ব্যস্ত থেকো না
এটাই জীবন নয়
অপরের ভালো করিতে পারিলে
সংসার সুখের হয়।
পরের দোষটা না খুঁজে তাই
পরের গুণটা খোঁজ
পরের জন্য হাতটি বাড়াও
তাহার জন্য যুঝো।
নিজের কর্মের ফলটা যে ভবে
সদাই ফেরত আসে
সৃষ্টির সেবা করে যায় যারা
সুখের সাগরে ভাসে।
পৃথিবীটা মোর আপন ঘর
এখানে ই মোর ঠাঁই
সকলের তরে কাজ করে যাই
দেখি সুখ পাই কি না পাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন