ছলনা
হিফজুর রহমান লস্কর
তারিখ-১২/১১/২০২১
ছোট ছেলে মা'কে বলে যাবে নিমন্ত্রণ
পাশের বাড়ির উৎসবেতে বিশাল আয়োজন।
জিলিপি আর মন্ডা মিঠাই, কার্টুন ভরা সন্দেশ
সকাল থেকে আসছে মানুষ, দেখছি আমি বেশ।
দেরি হলে পাবো কি আর প্রিয় কোরমা পোলাও
চলোনা মা খেয়ে আসি দই মিষ্টি তাও!
বড়ো ঘরের আলোক সজ্জা মন মাতানো দৃশ্য
মায়ের বুকে আঘাত করে হায়রে অদৃশ্য।
গরীব বলে অবহেলা পেলো না নিমন্ত্রণ
কেমন করে রাখবে সে যে ছোট্ট শিশুর মন।
অশ্রু ভরা নয়ন যুগল আঁচল টেনে ঢেকে
বলে মায়ে মনের দুঃখ বুকের মাঝে রেখে।
এত বড়ো উৎসব বাবা মোদের জন্য নয়
বেশি ভালো খাবার খেয়ে যদি কিছু হয়?
মায়ের রূপ দেখে ছেলে সবই বুঝলো এবে
বলে আলোর ঝিলমিলিতে চোখের ক্ষতি হবে।
মা ও ছেলের এই ছলনা কেউ দেখলো না ভবে
অদৃশ্যেতে থেকে সবই দেখলো শুধু রবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন