নবান্ন উৎসব
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-০১/১২/২০২১
হেমন্তের আগমনে মাঠ ভরা ধানে
অলিকুল ছুটে চলে আকুল সে ঘ্রাণে।
ভোরবেলা চারিদিক কুয়াশাতে ঢাকে
শীতের পদধ্বনি পাই এর ফাঁকে।
চড়ুই-ধানশালিক দেখি উড়ে যায়
খাদ্য সংগ্রহ করে ধানেতে লুটায়।
গাছের ডালেতে বসে হলুদিয়া পাখি
সুর করে গান গায় মেলে দুটি আঁখি।
পরিযায়ী পাখি দল ঝাঁকে ঝাঁকে আসে
ডালিয়া ও গাঁদা ফুল দূর থেকে ভাসে।
হেমন্তে সুন্দর রূপ বাংলার হাট
হলুদ রঙেতে সাজে ফসলের মাঠ।
সে শোভায় বিমোহিত কৃষকের মন
তাইতো ঘরেতে করে নানা আয়োজন।
নবান্ন উৎসব শুরু ধান কাটা দিয়ে
বাঙালির কি আনন্দ উৎসব ঘিরে।
দলবেঁধে কৃষকেরা ধান কেটে যায়
কভু দেখি ধান মাড়ে নিজ আঙিনায়।
নতুন ধানেরে হবে নবান্ন উৎসব
বাংলার ঘরে ঘরে সাজ সাজ রব।
পিঠা পুলি ক্ষীর ননী সুস্বাদু খাবার
নতুন ধানের চাল আসিছে আবার।
উৎসবের আগমন শুরু হলো যেই
কবিদের আগ্রহের যেন শেষ নেই।
সবাই কবিতা লিখে উৎসব ঘিরে
আমিও লিখছি বসে দীপ্ত দ্বিপ্রহরে।
নবান্নের উৎসব চলে গ্রাম জুড়ে
কুলবধূ নিষ্ঠা ভরে লক্ষ্মীপূজা করে।
রূপসী বাংলার এ নবান্নের ক্ষণে
একাত্ম হই আমি প্রকৃতির সনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন