আশা
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-২০/০১/২০২২
চঞ্চল মানব মন ভয়ে ভীত সারাক্ষণ
কাঁটা হেরি পদে পদে।
জরা মৃত্যু সঙ্গী হায় শুধুই যাতনা ময়
হায়রে জীবন নদে!
যত চায় সুখ তত পায় দুখ
নিজ বাসনার তরে।
এ কেমন বিধি রচিছ যে নিয়ম নিধি
বুঝেনা অবুঝ নরে!
রচিছ যে মায়া জাল চমৎকার ইন্দ্রজাল
বিস্তারিছ দয়াহীন ভবে।
জন্ম থেকে মৃত্যুবধি খুঁজে থাকে নিরবধি
তব তত্ত্ব কভু কে পায় কবে?
সংসারের মোহমায়া লোভ লালসা নিত্য কায়া
দিয়েছ মানবে সবিশেষ।
তাইতো যে ভবে আসে থাকে শুধু আশার আশে
কারো নেই বাসনার শেষ।
অসার সংসার মাঝে ব্যস্ত রাখ নিজ কাজে
গোপনে খেলিছ যে পাশা।
আজীবন ছুটে চলে অন্ধ সে আশার ছলে
দিয়েছ যে কুহকিনী আশা।
হৃদয়ে অটল ভক্তি তবু কি পাবে সে মুক্তি
দেখেনা নয়ন মেলিয়া।
সৃষ্টিতে রচিছ সেরা তবু যে আঁধারে ঘেরা
অন্তঃ চক্ষু দাওগো খুলিয়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন