শ্রমিকের অবদান
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-২৮/০৭/২০২১
সকাল থেকে সন্ধ্যাবধি খেটে যায় নিরবধি
দেশের শ্রমিক মজদুর সব।
রোদে পুড়ে মেঘে ভিজে সবার তরে খাটে সে যে
নেই কোন কলরব।
শ্রমজীবী মানুষ গুলো মেখেই থাকে ময়লা ধূলো
চলছে জীবন ভর।
মাঠের কাজে ঘরের কাজে স্বতঃস্ফূর্ত বিনা লাজে
কেউ নয় তাদের পর।
সহজ সরল মানুষ এরা নিজের সুখ চায়না তারা
এমনি জীবন রচে।
অনাহারে যদিও থাকে অন্যের কিছু নেয়না হাতে
লড়াই করে বাঁচে।
সবার ঘর ঝলমল তাদেরি কাজের ফল
দেখো তাদের মনোবল।
সবার খাবার যোগায় সঙ্গে মুখে হাসি ফোটায়
থাকে নিজের চোখে জল।
ধর্ম কর্ম করে এরা ধরারে ভাবে না সরা
কষ্টেই থাকে জীবন ভর।
কাউকে ঠকায় না কভু উচিত দাম পায়না তবু
নিজেই ঠকে বরাবর।
সভ্যতার অগ্রগতি অর্থনীতির উন্নতি
শ্রমিকের শ্রমেই তো হয়।
দেশমাতৃকার সেবক এরা নিজে কিন্তু সর্বহারা
একথা কি কারো মনে লয়?
যায়না মোদের ভ্রম দেখিনা তাদের শ্রম
সৃষ্টিতে তাদের অবদান।
সকল সৃষ্টির মূল শ্রমিকের মূল্য অতুল
পায়কি সে প্রতিদান?
মানবতার ঝান্ডা ধরি প্রতিজ্ঞাটা সবাই করি
ঘুচাতে তাদের ঋণ।
হোক সবার বোধোদয় হোক নতুন সূর্যোদয়
আসুক সে সুদিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন