বিরহীনির কান্না


রচনা:  হিফজুর রহমান লস্কর
তারিখ-২১/০৮/২০২১

শ্রাবণের বারিধারা ঝর ঝর ঝরে
একা শুধু ঘরে বসে আঁখি জল পড়ে।
বরষার নদী জল বুক ফেঁপে উঠে
ফাঁপিয়া প্লাবিয়া জল চারিদিকে ছুটে।
রোধিবে কাহার সাধ্য প্লাবনের জল
তেমনি আমার দশা কে দেখিবে বল?
কুলু কুলু রবে জল নদীতীর বায়
খড়কুটো যত পায় সাথে নিয়ে যায়।
বরষার নদী স্রোত যে দেখে সে বুঝে
ঘরবাড়ি গাছপালা জল মাঝে যুঝে।
আর কত রবো প্রিয় পথপানে চেয়ে
বিরহ ব্যথার গান শুধু যাই গেয়ে।
কোন দোষে দোষী আমি ছিনু তব আগে
কাউকে বলতে নারি কোন অনুরাগে।
কতদিন হল তুমি সেই পরবাসে
বিরহিনী কাঁদে হেথা যেন কারাবাসে।
ভেবেছ অবলা নারী ছুটিতে না পারে
কার হেন সাধ্য আছে মোরে রোধিবারে।
স্রোতস্বিনী নদী যেমন মিলে মোহনায়
তীব্র বেগে যাব আমি তব আঙিনায়।
ত্বরা করি আস তুমি এই নিবেদন
নচেৎ ছুটিব আমি কাঁপায়ে ভুবন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়