অভিলাষ
সৃষ্টির মালিক স্রষ্টা তুমি রয়েছ অন্তরালে,
তোমার মহিমা খুঁজে যাই যত ঘিরে ফেলে জঞ্জালে।
স্বার্থ মগ্ন হয়ে ভোগ করি শুধু পেতে চাই তব দান,
বিনিময়ে মোরা দিয়ে যাই শুধু ব্যথা ভরা অপমান।
স্বার্থের তরে অন্ধ হয়েছি লুটছি সকল সুধা,
আলো বায়ু জল যত আছে ফল তাহাতে মেটাই ক্ষুধা।
বঞ্চিত করে সকল প্রাণীরে ছিনিয়ে নিয়েছি কতো,
তোমার দয়া কভুও ভাবিনি ধ্বংস করেছি অবিরত।
সংসার সুখে ভুলেছি তোমায় বেঁধেছি সুখের ঘর,
অবোধ জীবনে ঘুমের ঘোরে কেটেছে অষ্ট প্রহর।
কভুও ভাবিনি তোমার প্রভাব চাইবে হিসেব তুমি,
শ্রেষ্ঠ প্রাণীই করছে সদা কলুষিত তব ভুমি।
প্রাণী হত্যার বহর দেখে যমদূত পেয়েছে ভয়,
কোন মুখে এবে চাইবো যে ক্ষমা ভাবতে লজ্জা হয়।
তবু মনে জাগে ক্ষীণ আশা বান্দা তোমারই সৃষ্ট দাস,
অনুগত যবে ক্ষমা পাবো তবে এই মম অভিলাষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন