বিভেদ কেন?
যাদের খাবার নেই পথে ঘাটে ঘুরে তাই
তাহাদেরে নেই ভাবনায়।
বন্ধুজনে ডেকে মাতি বসাও আঁচল পাতি
ভুরিভোজে সম্মাননা তায়।
দান তুমি কর তারে যার সবি আছে ঘরে
মনেতে যে ব্যবসার ধ্যান।
ভাবো পাবে বিনিময় ভালবাসা সেতো নয়
সকলে কি রাখিছ সমান?
কেন আশা রাখ মনে আশাই আঘাত হানে
ওহে জীব ভেবে দেখ মনে।
নাথাকা আশার মাঝে ফল লাভে সুখ রাজে
বিস্ময়ও থাকে তার সনে।
জড়সড় হয়ে আছো নিজেতে নিজেই বাঁচো
জীবনের উদ্দেশ্য তা নয়।
কভুও চেয়োনা রাজ সেবা তরে কর কাজ
দশের উন্নতি যাতে হয়।
কেবা শত্রু কেবা মিত্র কেউ কেন ঘৃণা পাত্র
বিভেদটা কেন রাখ তবু?
মানবতার হাল ধর আর্তজনে দান কর
বিনিময় চেয়োনাতো কভু।
দুয়ার খোল গো সবে চেয়ে দেখ অনুভবে
দুখী জনে দেখে আছে কেবা!
মনেতে রেখোনা খেদ ঝেড়ে ফেল ভেদাভেদ
নর সেবাই স্রষ্টার সেবা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন