চোরের মেলা
বিশ্ব জোড়া চোরের মেলা ক'জন ধরা খায়,
আসল চোর ভদ্রবেশী কেউ কি তারে পায়?
গরীব যারা চুরি করে সে তো খাবার তরে,
পায়না বলে চুরি করে তাদের সবাই ধরে।
ভদ্রবেশী চোরের থাকে পুকুর চুরির ফাঁদ,
কোটি টাকার মালিক হয়েও থাকে চুরির সাধ।
চুরি করাই ধর্ম চোরের সেটাই আসল কথা,
নেতারা তাই চালু করেন কমিশনের প্রথা।
রাস্তা তৈরি সেতু তৈরি সেখানেও নেই ছাড়,
বি পি এল এর ঘর নির্মাণে চলে একই হার।
হাসপাতালের ডিউটি ছেড়ে ডাক্তার করে চুরি,
অধিক টাকায় রোগী দেখে কামায় ভুরি ভুরি।
শিক্ষক করে সময় চুরি শিশুর অধিকারে,
উকিল করে কথা চুরি সত্যও যায় হেরে।
কাব্য চুরি ভাষণ চুরি, চুরি নেতার কথা,
সব কিছুতেই সিদ্ধ হস্ত চোরের এমন মাথা।
রাঘব বোয়াল চুরি করে সবাই তাকিয়ে থাকে,
চোরে চোরে মাসতুতো ভাই কে ধরবে কাকে?
বিপদ হয় ছিচকে চোরের বেদম খায় মার,
ভদ্রবেশী চোরের গলায় ফুলমালা হয় উপহার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন