আবারও ভাবতে হবে
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ- ০১/০৫/২০২২
১লা মে' আন্তর্জাতিক শ্রমিক দিবস
পালিছে সবাই বেশ।
শ্রমিক মজুর শোষণ নিপীড়ন
আজ ও হয়নি শেষ।
যত নির্মাণ কেমনে চলিছে
দেখোনা একটু ভেবে
শ্রমিক মজুর খেটে মরে সদা
তবু কেন পিছে রবে?
যে পথে হাঁটছো সবাই
প্রতিটি ধুলিকণা জানে
কত শ্রমিকের ঘাম ঝরেছে
এ পথ নির্মাণে!
বিলাস ভবনে কত সুখে আছ
ভাবনিতো কভু মনে
কত শ্রমিকের ঘাম ঝরেছে
এ ভবন নির্মাণে!
শ্রমিক যারা মাঠে করে কাজ
নেই রোদবৃষ্টির ভয়,
সবার মুখেতে অন্ন যোগায়
কত যাতনা সয়!
রঙমহলে শুয়ে বসে তুমি
কর যে অহঙ্কার
শ্রমের বিনিময়ে শ্রমিক কি কভু
পায় তার অধিকার?
সভ্যতার যত ইট পাথরে
খুদিত নেতার নাম,
শ্রম দিল যারা ভেবে দেখ মনে
কভূ কি পেয়েছে দাম?
আজীবন তারা করে যায় শ্রম
পায়তো শুধুই ব্যথা।
বৃদ্ধ বয়সে না খেয়ে মরে
জোটে না বৃদ্ধভাতা।
আজি এ মহান মে' দিবসে
আবারও ভাবতে হবে
শ্রমিকের এ বঞ্চনার দিন
কবে শেষ হবে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন