গুরু ভাবনা
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ ০৭/০৯/২০২২
আঁধার রাতের শেষে বিনিদ্র আবেশে
কত কথা মনে বাজে।
উঠি বলে ভাবি মনে ভাসে ছবি
তন্দ্রা জড়িমা মাঝে ।
গুরুজন স্মৃতি ছিল কত প্রীতি
শৈশবের সেই বিদ্যালয়।
কে যেন বলিছে মোরে ঘোর অন্ধকারে
ডুবিছে যে শিক্ষালয়।
আজিকার শিক্ষাঙ্গন নীতি শিক্ষা অবিহন
শিক্ষার কাঠামো তো তাই।
পরীক্ষা পাশের তরে জ্ঞান লয় বই পড়ে
শাস্ত্র শিক্ষা একেবারে নাই।
গুরু আজ্ঞা গুরু ভক্তি তাহাতে অসীম শক্তি
নেই ধ্যান নীতির বচনে।
কোথা যে সে দিন হয়েছে বিলীন
কালের দহনে।
শুনি গুরু বাণী ভাসে মুখ খানি
ভয়ে ভয়ে খুলি আঁখি।
প্রণিবারে চাই দেখি কেহ নাই
ডাকিছে ভোরের পাখি।
সহসা উঠিয়া যবে দ্বার খুলি অনুভবে
মনের অলিন্দে লাগে সঙ্ঘাত।
স্মরিয়া গুরুর পদে হাতে নিয়ে কোকনদে
গুরুকে জানাই সুপ্রভাত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন