পণটা দিতে হবে

রচনা:  হিফজুর রহমান লস্কর

তারিখ -২৮/০৬/২০২২


বিদ্যার বালিশ বীরেন বাবু

মেয়ের বিয়ে দেবেন,

ঘটক এসে বসলো পাশে

'ঠাকুর পেন্নাম নেবেন।'


মনের মতো পাত্র একটা

ফুলঝুরির ঐ গ্রামে।

'মেয়ে আপনার সুখী হবে

রাখবে সোনার দামে।'


হেড অফিসের বড়বাবু

সম্ভুনাথের ছেলে,

উপরি কামাই ঘোষের টাকা

মাসে লক্ষ মেলে।


কথাশুনে বীরেন বাবু

দিল খুশির লাফ,

বলেন বাবু 'রাজি আমি,

ডাকো ছেলের বাপ।'


যেমন কথা তেমন কাজ

শর্তে বন্দী হলো,

বিয়ের তারিখ লগ্ন আছে

কার্তিক মাসের ষোলো।


বরের বাবা বললো হেসে

দাবি কিছুই নাই,

'ছেলের সম্মান বাঁচার তরে

গাড়ি একটা চাই।'


অনেক ভেবে বীরেন বাবু

রাজি হলো তাতে,

মনে ভাবে শিক্ষা দেবে

সমাজ বুঝে যাতে।


ঘটা করে করলো বীরেন

বিয়ের আয়োজন,

এ তল্লাটের সবাই এলো

পেয়ে নিমন্ত্রণ।


গাড়ি একটা সাজিয়ে রাখলো

আঙিনার ঐ পাশে,

বরপণটা দিতে হবে

বরের বাবার আশে।


আদর যত্ন করলো বীরেন

বরযাত্রীর তরে,

চর্ব্য চুষ্য লেহ্য পেয়

চললো দিবস ধরে।


বিয়ের লগ্ন হলে বীরেন

দেখিয়ে দিল গাড়ি,

' ঐ গাড়িকে মন্ত্র পড়িয়ে

নিয়ে যাও বাড়ি।'


মেয়ে বিয়ের মন্ত্র পড়লো

অন্য সে এক ছেলে,

ধন্য বীরেন বললো সবাই

কেমন শাস্তি দিলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়