নববর্ষের প্রাতে



শুকনো বাতাস উড়ায় ধুলো চৈত্র মাসের শেষে,  
ঝরা পাতার বিদায় দিয়ে বৈশাখ আসে হেসে।
ঝড়ের শঙ্কা বাজায় ডঙ্কা,বৃষ্টি ভেজায় মাটি,  
মন খুশিতে কৃষক নাচে ফলবে ফসল খাঁটি।

পাতা গজায়, মুকুল ছড়ায়,গাছগাছালি হাসে,  
সবুজের এই সমারোহে মন আনন্দে ভাসে।
পুরানো ক্ষত নতুন আশা চলছে একই রথে,
বছর বছর আসে আর যায় জীবন চলে পথে।

নববর্ষের খুশির আবেশে পুরাতনকে কে মনে রাখে?
বছর শেষের কথকতা ডায়েরিতে ধুলো মাখে।
প্রিয়জনকে হারিয়ে কেউ পেয়েছে নতুন ঠিকানা,
কারো স্বপ্ন সফল হয়েছে কারো জুটেছে কান্না!

বিগত দিনের হিসেব-নিকেশ খুঁজবে আপন মনে,  
ভুল-ত্রুটি সব শুদ্ধ হবে নতুন দিনের সনে।
সবার সাথে মিশবো সবাই, চলবো একই সাথে,  
সবাইকে জানাই শুভকামনা নববর্ষের প্রাতে।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়