বুড়ো রিকশাওয়ালা
টেটো-বাইক বের হয়েছে
চলছে পথে রোজ,
বুড়ো হয়েছে রিকশাওয়ালা
কেউ রাখে না খোঁজ।
টোটো-বাইকে সবাই ছোটে
কমেছে তার দাম,
প্যাডেল চাপা বুড়ো মানুষ
খুঁজে ফেরে কাম।
কাজকর্ম হারিয়ে এবার
ক্যামনে জীবন যায়,
খোঁজ খবর নেয় না কেহ
বড়োই অসহায়।
ভাটিয়ালি গানের গলা
শুনি না যে আজ,
কোথায় গেল রিকশাওয়ালা
কে খুলবে তার রাজ?
চৌরাস্তার মোড়ে বসে
চেয়ে থাকে পথ,
কেউ বলে না ' চাচা চলো'
থমকে গেছে রথ।
বৃষ্টি এলে ভিজে কম্বল
রোদে পোড়ে চাম,
পেটের ক্ষুধা মেটে না আর
বাড়ে শুধু দাম।
পলেস্তারা খসা ঘরে
টিমটিমে এক বাতি,
জীবনটা তার রিক্সা হয়েই
থেমে গেছে সাথী।
কেউ শুনে না কাশির শব্দ
কেউ দেখে না জ্বর,
এই শহরে বুড়ো মানুষ
যেন বোঝা পর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন