অবেলায়




বৈশাখেতে মেঘে ডাকে 
গুড়ুম গুড়ুম করে,
সানাই বাজে টিনের 'পরে
বৃষ্টির ফোঁটা পড়ে।

বিজলী চমকায় ঝিলিক-মিলিক 
মেঘ-কুমারীর বিয়ে,
ফুল-পরিরা আসছে সেথা 
হিমের নুপুর নিয়ে।

ঝড়ো হাওয়ায় বর আসছে 
সাতটা রং মেখে,
আড়াল থেকে সূর্য হাসে 
বিয়ের আসর দেখে।

আলো হাতে চাঁদের বুড়ি 
আসছে সবার মাঝে,
মেঘ বালিকার মনটা খারাপ 
কাঁদছে বসে লাজে।

অঝোর ধারায় বৃষ্টি হওয়ায়
পশু-পাখি কাঁদে,
এই অবেলায় কোন অভাগা 
পড়ে বিয়ের ফাঁদে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়