স্বাধীনতার মানে
স্বাধীনতা কাকে বলে জিজ্ঞেস করুন তাকে,
যে ছেলেটা সকাল দুপুর খদ্দেরদের হাঁকে।
হোটেল কিংবা রেস্তোরাঁতে কর্ম যাহার শুরু,
ভুল হলে খায় কিল থাপ্পড় মনিব যে তার গুরু।
বাসন মাজা কাপড় কাঁচা নোংরা সাফ করা,
দুর্গন্ধ আর অবহেলায় হৃদয়টা তার ভরা।
ক্লান্ত শ্বাস বিষিয়ে বাতাস বুক ভিজে তার ঘামে।
জীবনটা তার বিকিয়েছে যেন অতি অল্প দামে।
খদ্দেরদের খাবার বিলায় সকাল দুপুর সাঁঝে,
নিজের ক্ষুধা বন্দী থাকে জিহ্বা রসের মাঝে।
যে ছেলেটা দেখে সেথায় চোখে মুখে শুধু ধোঁয়া,
সেই ছেলেটা আজও পায়নি স্বাধীনতার ছোঁয়া।
অবাক হয়ে দেশমাতা মিটিমিটি করে চায়,
সবার অগোচরে জীবনটা ওর কেমন করে চলে যায়!
চার দেয়ালের বাইরে কি হয় জানে না তার লেশ,
বয়স কালে বেকার হয় সে বোঝা হয় অবশেষ।
সেই ছেলেকে প্রশ্ন কর ওকি সত্যি জানে?
স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার মানে?
স্বাধীনতার মানে বুঝে বনের পশু পাখি,
আমরা কি তা দেখব কভু খুলে দুটি আঁখি?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন