নবাগতের প্রতি

 শিরোনাম: নবাগতের প্রতি

রচনা: হিফজুর রহমান লস্কর

তারিখ -১২/০১/২০২৪


সুতীব্র চিৎকারে জঞ্জাল সরায়ে আসছো হে নবাগত!

কতই আঁধার করেছো যে পার জানাই তোমায় স্বাগত।

আলোকের পানে ধাবিত হয়েছ এসেছ দুচোখ মেলে,

হয়ে থেকো শুধু আলোর দিশারী আঁধার পেছনে ফেলে।

জন্ম কোথায় ভুলে যাও এবে কি যায় আসে তাতে?

মানুষ হয়না কেহ মনে রেখো এই ধর্ম বর্ণ কিংবা জাতে!

মানব রূপে জন্ম যেথা হোক মানুষ পরিচয়,

মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম নেই কোন সংশয়।

লোক দেখানো ধর্ম যেখানে হাজার লোকের মেলা,

সদাই চলে ধর্মের নামে মানুষেরে নিয়ে খেলা।

ইহাদের ভীড়ে আসছো তুমি বুঝাই কি দিয়ে?

মানুষ রূপে বড় হও শুধু থেকো মানুষ পরিচয় নিয়ে।

হেথায় চলে ধর্মের রেষারেষি বানিয়ে সকলে বোকা,

মানবতার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আর বাকি সব ধোঁকা।

দুমুঠো খাবার পায়না যারা ভিক্ষা করেই চলে,

এদের সেবা করলেই তবে তাহারে ধর্ম বলে।

কর্মই খাঁটি আর সব মাটি বুঝে দেখ সারা সার,

মানবের সাথে মিলনেই সুখ এরই নাম সংসার।

বেঁচে থাকো শুধু আপন কর্মে কর্মই শ্রেষ্ঠ ভবে,

থাকবে না তুমি থাকবে কর্ম স্মরণ করিবে সবে।

মন্তব্যসমূহ