পেটুক রাজা
শিরোনাম: পেটুক রাজা
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ -০২/১/২০২৪
এক যে ছিল রাজা মশাই
লাউয়ের মত ভুরি,
রোজ সকালে নাস্তা করত
পরোটা এক কুড়ি।
চায়ের বাটি দেখলে তাহার
মনে হত ড্রাম,
খেতে বসলে শরীর বেয়ে
গড়িয়ে পড়ত ঘাম।
মধ্যাহ্নেতে ভোজন করত
এক গামলা ভাত,
নাতি নাতনি দৌড়ে এসে
দেখত তাহার পাত।
তিন কিলো বেগুন ভাজা
এক কিলো ডাল,
আধা কিলো কাঁচা লঙ্কায়
মেটে না তার ঝাল।
কাঁকড়ার ডিম রোজই খেত
পুরো এক বাটি,
ভুরি তাতেই ছোট হবে
কথাটা ভাই খাঁটি।
খাবার বেলার সে দৃশ্য
বুঝাই কি দিয়ে
রাণী বসে বাতাস করত
কোলা হাতে নিয়ে।
খাবার পরে দুই ঘণ্টা
বসে থাকত ঠায় ,
নিজে থেকে উঠার মতো
সাধ্য তার কোথায়?
চাকর বাকর তুলতো তারে
দুই বাজুতে ধরে,
ভয়ে কেউ মুখ খুলতো না
রাজা সবার ' পরে।
রাতের বেলা খেতে খেতে
হয়ে যেত কাত,
নাকের ডাকে মশা ভাগতো
কাটিয়ে দিত রাত।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন