প্রিয়ার খোঁজে

ত্রি সাপ্তাহিক কবিতার আসর পর্

প্রিয়ার দেখা পাবো বলে খুঁজি হেথা হোথা,
যতই খুঁজি হারিয়ে যাই ঠিক থাকে না মাথা।
যাত্রা শুরু হলো আমার আঁধার রাতের শেষে,
চোখে ভাসে প্রিয়ার বসন সোনালী আভায় মেশে।
শুধাই ডেকে পাশে এসো মুখটি ফেরাও দেখি,
সূর্যোদয়টা বুঝিয়ে দিল ভাবনাটা তো মেকি।
ধীরে ধীরে চললাম এবে অগাধ নদীর ধারে,
ছলাৎ ছলাৎ নদীর জল বলছে বারে বারে।
আমার কাছে আছে যত দুঃখ কষ্ট জমা,
কেমন করে পাবে হেথা তোমার প্রিয়তমা।
মন খারাপের ভাবনা নিয়ে ঘুরলাম ঝর্ণা পাহাড়,
সবার মুখে একই কথা খোঁজাটাই যে অসার।
সাগর পাড়ে চললাম তখন মনে ভাসে স্মৃতি,
এমনতর ঠুনকো কেন ভালবাসার প্রীতি।
বৌ কথা কও পাখির ডাকে সম্বিত ফিরে পেলাম,
ডাকলো পাখি সঙ্গে যেতে তাইতো পিছু নিলাম।
আকাশ পানে উড়লো পাখি মোর প্রিয়ার খোঁজে,
আধো অন্ধকারে আমার চোখটি এলো বুজে।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছলাম সেথা শেষে,
 দীপ হাতে আসলো প্রিয়া অচিন এক বেশে।
মোরে হেরি ধীরে ধীরে ঠোঁট টি কেঁপে উঠে,
 অধোবদন দাঁড়িয়ে থাকে কথা নাহি ফোটে ।
 নিষ্পলক তাকিয়ে থাকি একে অন্য পানে,
কেন অঝোরে ঝরিল অশ্রু কেহ নাহি জানে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়