পরের তরে



মুক্ত অঙ্গন ফুলের বাগান মুক্ত তার সুবাস,
সুগন্ধ আর রূপ দেখে তার পুরায় মনের আশ।
অলি কলি প্রজাপতি কীটপতঙ্গ পাখি,
ফুলে ফুলে ঘুরে বেড়ায় মিলিয়ে দুটি আঁখি।
যেথা ইচ্ছা ফুটুক ফুল সে তো পরের তরে,
মন্দির হোক মসজিদ হোক কিংবা গীর্জা ঘরে।
কার বাগানের কার চয়নের কেউ কি শুধায় কভু?
ভিন্ন নামে ভিন্ন স্থানে পায় সমাদর তবু।
মুক্ত আকাশ আলো বাতাস মুক্ত জলের ধারা,
প্রকৃতি তা বিলিয়ে দিতে যেন পাগল পারা।
চাঁদের আলো বৃষ্টির সুধা ঝরে সবার মাঝে,
মিষ্টি সুরে পাখি ডাকে সকাল বিকাল সাঁঝে।
সূর্যালোকে বিশ্ব ভাসে কেউ না তারে স্মরে,
সবার ঘরে পৌঁছায় সে আগে কিংবা পরে।
আলোর কাছে নেই ভেদাভেদ কাটায় আঁধার ঘোর,
হোক সে উচ্চ দালান প্রাসাদ নাইবা জীর্ণ কুটির।
ইচ্ছে আমার তেমন করে পৌঁছি সবার ঘরে,
সবার তরে লড়বো আমি মরবো পরের তরে।
পৃথিবীর সব আপন আমার নয়তো কেহ দূর,
হৃদয় বীণায় বাজে আমার সবার ব্যথার সুর।
সবার সাথে মিলব আমি থাকব সবার সাথে,
সবাই যেন ডাকছে আমায় সকাল বিকাল রাতে।
ইচ্ছে আমার খাবার যোগাই অনাহারীর মুখে,
তাদের সুখে সুখী হবো কাঁদব তাদের দুখে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়