সোনালী শরৎ
সোনালী শরৎ
হিফজুর রহমান লস্কর
তারিখ-১৮/০৯/২০২১
শরতের আগমনে মাতোয়ারা মনটা
শিউলি ও কাশফুলে অপরূপ রূপটা।
প্রভাতে শিশির কণা ফুল থেকে ঝরে
রবির কিরণ পড়ে চিক চিক করে।
ফুলের সুবাস ভাসে হিমেল হাওয়ায়
ফুলে ফুলে মৌমাছি গুনগুন গায়।
ফুল কুড়াতে ছেলে মেয়ে যায় সারি সারি
হিমের পরশ পেয়ে খুশি হয় ভারি।
পদ্ম ফুল ফোটে থাকে জলের ডোবায়
ফাঁকে ফাঁকে হাঁসগুলি ভাসিয়া বেড়ায়।
কাদা নেই ধূলা নেই সোনালী সকাল
তাইতো সকলে বলে ঋতুর রাণী শরৎকাল।
কভু রোদ কভু মেঘ লুকোচুরি খেলা
দেখিতে দেখিতে রূপ কেটে যায় বেলা।
প্রখর রোদের তাপ কভু মেঘে ঢাকে
কভুবা ধানের ক্ষেতে হাওয়া দোলা দেয় তাকে।
নীলাকাশে সাদা বক ঝাঁকে ঝাঁকে উড়ে
মাছরাঙা মাছ ধরে ঝাপ দিয়ে পড়ে।
কৃষকের খুশি মন বরষার কাজ শেষ
কুলবধূ জল তুলে মনোরম এ পরিবেশ।
দূরে বসে রাখালিয়া বাঁশরীতে ধরে তান
সোনালী শরৎ ঋতুর গেয়ে যায় জয়গান।
আগমনী সুর উঠে মহালয়ার গানে
সর্বত্র খুশির সাড়া জাগে প্রাণে প্রাণে।
অপরূপ রূপ হেরি বাংলার মাঠে
তাইতো আসিতে চাই ফিরে এই হাটে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন