স্ট্যাটাস
স্ট্যাটাস
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ: ১১/০৩/২০২১
পাড়া গাঁয়ের সঞ্জুর মেয়ে নামে নীলপরি
যেমন রূপ তেমন গুণ সাক্ষাৎ যেন পরী।
পড়াশুনায় খুবই ভাল বিধি কিন্তু বাম
অভাবের কারণে তার পুরেনি মনোস্কাম।
সেই গ্রামেরই মোড়ল বাবু করছেন এখন রাজ
বিয়ের আলাপ দিতেই সঞ্জুর মাথায় পড়ল বাজ।
মোড়লের ছেলের সাথে পরীর বিয়ে হবে
এ কথাটি ভাবতেই সঞ্জু শিহরিয়ে উঠে।
বলে অভাবের সংসার আমার আপনি জমিদার
আপনার ঘরে মেয়ে দেওয়ার সামর্থ্য নেই আমার।
বিয়ের আলাপ করতে গিয়ে ছেলের বাবা কয়
বরপণ কিছুই চাইনা আমি এসব ভাল নয়।
মেয়ে আমার পছন্দ হয়েছে যেন সাক্ষাৎ লক্ষী
কোন কিছুই চাইনা আমি সবাই আছেন সাক্ষী।
মেয়ের বাবার চোখে জল এসব কথা শুনে
অভাবের সংসার তার ভূগতে আছে ঋণে।
ছেলে যেমন উপযুক্ত তেমন সাজিয়ে দিবেন
বরপণ কিছুই নাই স্ট্যাটাস মেনটেইন করবেন।
দেড়শ জন বরযাত্রী থাকবে তেমন বেশি নয়
সুন্দর মতো খাইয়ে দিবেন,যেন মান সম্মান রয়।
ঘটা করে মেয়ের বাবা করেন আয়োজন
সাধ্য মতো জোগাড় করেন যত প্রয়োজন।
কষ্টেসৃষ্টে বিয়ে দিয়ে পথে বসে সঞ্জু
তবু ভাবে ভাল ঘরে মেয়ে হবে সুখী।
বিয়ের পরই শুরু হয় স্ট্যাটাস নিয়ে কথা
পদে পদে নীল পরীটা পেতে থাকে খোঁটা।
পাশের ঘরের বেকার ছেলে বিয়েতে পায় গাড়ি
আমার ছেলে ঠিকাদার পেল মধুর হাড়ি।
কথা ছিল স্ট্যাটাস মেনটেইন, এ কি তার ফল
শাশুড়ির কথা শুনে পরীর চোখে জল।
উঠতে বসতে খোঁটা দেয় কী যে জ্বালাতন
কথা বললে স্বামীর হাতে পায় সে নির্যাতন।
তিলে তিলে নীল পরীটা শুকিয়ে হল কাঠ
তবু সদাই শুনতে হয় স্ট্যাটাসের ই পাঠ।
দিনের পর দিন না খেয়ে শয্যাশায়ী হল
তবু তার ভাগ্যে কোন ডাক্তার নাহি এল।
শেষ যোগাযোগ মায়ের সাথে ফোনে কথা হল
বরপণের নতুন নাম স্ট্যাটাস বলে গেল।
অবহেলা আর উৎপীড়নে নীলুর জীবন শেষ
স্ট্যাটাস টুকু মোড়ল বাবুর বাঁচল অবশেষ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন