ভাবনার আঁকিবুঁকি
মনে মনে আঁকি ছবি কভু আমি নহি কবি
তবু ভাবি কিছু লিখে যাই।
যেখানেই যাহা দেখি দেখি আজ সবি মেকি
আসলটা খুঁজে কোথা পাই?
সমাজে যাহাই ঘটে আসে সব দৃশ্য পটে
মুখ বুজে শুধু চেয়ে থাকি।
তখনো মনেতে ভাবি চেপে থাক হৃদে সবি
আবেগটা দূরে সরে রাখি।
বিবেকটা ডেকে বলে সরে যাবে কোন ছলে
এতো নহে মানব জীবন?
অন্যায়টা দেখ যবে প্রতিবাদ কর তবে
কেন তুমি মুদিবে নয়ন?
মানুষ হেরেছে আশা মরে গেছে ভালোবাসা
প্রতিবাদ কোথাও তো নাই।
ছড়াতে জ্ঞানের আলো দূরে নিতে যত কালো
প্রতিবাদী মানুষ তো চাই।
নির্বোধই খায় মার বুঝেনা তো সারাসার
বুঝেনা সে নিজ অধিকার।
মূক জনে জ্ঞান দাও অন্ধ জনে আলো দাও
বিবেকটা জাগুক তাহার।
তাই তুমি লিখে যাও যেখানে যে ছবি পাও
ভেবো না এ লেখনী অসার।
হয়তো জাগিবে সবি হয়তো উদিবে রবি
মুখে হাসি ফুটিবে আবার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন