হাঁদা ও চোর
পরীক্ষাটা এগিয়ে আসতেই ঘুরল হাঁদার মাথা,
সারা রাত্রি জেগেই পড়ে হাতে নিয়ে খাতা।
চোর ঢুকল চুরি করতে বসল খাটের নিচে,
মশার কামড় সহ্য হয়না ধরা পড়বে পিছে।
ভাবছে বসে হাঁদার পড়া ক্যামনে শেষ করে,
মশার মতো চিমটি কাটে হাঁদার পায়ের 'পরে।
হাঁদা কিন্তু পড়েই চলছে রাত বারোটার কাছে,
চোর বাবাজি পড়ল ফাঁদে কেমন করে বাঁচে।
খাটের তলায় লুকিয়ে বসে দীর্ঘশ্বাস ছাড়ে,
ইচ্ছে করে উঠে গিয়ে ধরবে ওর ঘাড়ে।
যেমন ইচ্ছা তেমন কাজ ধরল হাঁদার ঘাড়ে,
'ওরে পাঁজি কেউ কি এমন রাত্রি জেগে পড়ে?'
সারা বছর কোথায় ছিলি হারামজাদা পাজি,
কত ধানে কত চাল দেখে নেব আজি।'
হাঁদা ভাবল বাবা নাকি এল তার ঘরে,
বলে 'বাবা ছেড়ে দাও মরে যাব পরে।'
ছেড়ে দিয়ে বাঁচল চোর বাঁচলো হাঁদার প্রাণ,
পালিয়ে বাঁচে চোর বেচারা দেখাল তার শান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন