প্রকৃতি বাঁচাতে
কোথায় হারালো আজি সোনালি সে দিন,
মেঠো পথ কাদা জল তবুও রঙিন।
সারি সারি গাছপালা সারি সারি ঘর,
সবুজ ধানের ক্ষেত ছিল মনোহর।
গ্রামে গঞ্জে ছিল যেথা ছাউনির বাসা,
একান্নে বসতি ছিল কাঁচা ঘর খাঁসা।
পড়াশোনা কম ছিল ছিল সরলতা,
জাতিধর্ম নির্বিশেষে ছিল যে একতা।
বাড়িছে মানুষ দেশে ক্ষিপ্র তার গতি,
শিক্ষা দীক্ষা বিজ্ঞানেতে সমহারে মতি।
নিষ্ঠুর মানব দেখ জ্ঞানের বাহার,
গাছপালা কেটে সব করিছে উজাড়।
বাঁচার নির্মল বায়ু যেথা থেকে পায়,
সে সবের গুণাগুণ কেন ভুলে যায়?
সবুজ ধরার বুক কালো ধোঁয়া ময়,
ইটভাটা কারখানা মাটি কোথা রয়?
ডোবা জল খালবিল দেখা নাহি যায়,
পাহাড়ের মাটি কেটে বসতি বানায়।
সর্বত্র প্রাসাদ গড়ি ভাবে সুখী প্রাণ,
ফসলের জমি নেই কোথা হবে ধান।
খাবার পাবে না নর আসছে সে দিন,
আবাদি বন্ধ করি দেখিতে সুদিন।
নিঃশ্বাস কেমনে নেবে বিষাক্ত যে বায়ু,
প্রকৃতি দূষণ ফলে কমছে যে আয়ু।
প্রকৃতি বাঁচাতে তাই করি সবে পণ,
গাছপালা রোপে যাই বাঁচাতে দূষণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন