পোকা ও ধোঁকা
পূব আকাশে ঝড় উঠেছে উড়িয়ে দেবে চাল,
হায়হুতাশে প্রাণীরা সব কি যে হবে হাল।
পাখির বাসা হাওয়ায় দোলে মরছে দারুন ত্রাসে,
পিঁপড়ে ফড়িং সবার বাসা নদীর জলে ভাসে।
ঝড়ের সাথে মেঘের খেলা ভয়ে কাহিল প্রাণ,
এপার ওপার জলে ডুবা কে করবে ত্রাণ।
উইপোকা আর মাকড়সাতে জলে সাঁতার কাটে,
নৌকা বানায় ফড়িং বাবু জলে ডুবা মাঠে।
গুনগুনিয়ে মশা ডাকে উঠো সবাই নায়ে।
মাছি আর আরশোলাতে ছোটে দ্রুত পায়ে।
মৌমাছি আর প্রজাতি হাওয়ার উপর ভাসে,
শুয়ো পোকা গাছের ডালে মুচকি মুচকি হাসে।
নৌকার উপর উঠে সবাই থিপস তুলে পাল,
পিঁপড়ে মাঝি বৈঠা টানে ফড়িং ধরে হাল।
মশার ডাকে নৌকায় উঠে বাঁচলো হাজার পোকা
জাতির পাতি শুয়ো পোকা খেলো দারুন ধোঁকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন