শিবরাত্রির সলতে
আমায় তো ভাই কেউ চিনে না নই তো আমি নেতা,
কষ্টে সৃষ্টে জীবন কাটাই আমি তো এক আমজনতা।
দিনের বেলা কাজের খোঁজে ঘুরি বাড়ি বাড়ি,
বয়স তো আর কম হলো না পেকে গেছে দাড়ি।
না খেয়ে থাকি যখন নেয়না খবর কেউ,
ছায়া দেখলে পালিয়ে বেড়ায় অতি আপন সেও।
দামটা আমার বাড়ে দেখি পাঁচ বছর অন্তে,
নেতার কাছে আমি যেন শিবরাত্রির সলতে।
ভোট এলেই আমায় নিয়ে কর টানাটানি,
ভাইয়ে ভাইয়ে লড়াই লাগাও কতই হানাহানি।
ঘরে এসে বুঝাতে চাও আমিই তোমার আপন,
দিনদুপুরে দেখাও কত স্বর্গ সুখের স্বপন।
কত প্রেম দেখাও তখন হাতে হাত মেলাও,
পাঁচটা বছর কোথায় ছিলে ভুলে গেছি তাও!
বছর বছর এমনি চলে প্রতারণার খেলা,
বৈতরণী পার হলে ফের কর অবহেলা।
নেতা হয়ে শূন্যে উড়ো পায়ে ছোঁয়না মাটি,
তোদের কাছে দেখি যে ভাই গণতন্ত্র ই খাঁটি।
আমজনতার খাবার কেড়ে খাও শেষমেশ,
কোটি মানুষ ফুটপাতেতে আজও ঘুমায় বেশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন