দুখু মিয়া



বাংলা মায়ের শ্যামলা ছেলে
কোঁকড়া মাথার চুল,
চোখ দুটি যার বিস্ময় ভরা
প্রাণের বুলবুল।

ছোট বড় সবার প্রিয়
চঞ্চল যার হিয়া,
দুঃখের সঙ্গে লড়াই করে
নামটি দুখু মিয়া।

দীনহীন এক বাবা যার
ফকির আহমেদ নাম,
পরিচয়ে যার সার্থক হলো
চুরুলিয়া গ্রাম।

আলো করে জাহেদার কোল
ফোটেছিল সে ফুল,
সে যে মোদের প্রিয় কবি
বিদ্রোহী নজরুল।

অল্প বয়সে বাবা হারিয়ে
জীবন হয় আঁধার,
পড়াশোনা ছাড়তে হলো
নিয়ে সংসার ভার।

উৎপীড়িতের ক্রন্দন রোল
বিদ্রোহী করে যাকে,
আজীবন সংগ্রাম করে
বাঁচতে হলো তাঁকে।

বাঁচার তরে এমনি লড়াই
কাব্য সাধনা ফাঁকে,
সেনা হয়ে দেশের সেবা
কে চিনবে তাঁকে?

লেখনীতে ছিল অগ্নি স্ফুলিঙ্গ
বিদ্রোহী রণ তান,
ছড়ায় ছন্দে গেয়েছিলেন তিনি
সাম্যের জয়গান।

বিশ্ব বাংলায় তাইতো আজও 
পরিচিত এক নাম,
হে বিদ্রোহী কবি নজরুল 
করজোড়ে জানাই প্রণাম।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়