ক্ষমা করো হযরত



অশান্ত পৃথিবীর শান্তির দূত 
হে নবী হযরত!
তোমার কারণে সৃষ্টি এ ধরা 
খুঁজি তব রহমত,
ক্ষমা করো হযরত।

সংসার মোহে ডুবেছি আঁধারে 
দেখিনি সঠিক পথ,
লোভে লোভাতুর বাসনা কামনায় 
ভুলে গেছি তব মত,
ক্ষমা করো হযরত।

মুক্তির বার্তা এনেছিলে তুমি 
দীর্ঘ সাধনা করে,
স্রষ্টার সে আরাধনা সৃষ্টির সেবা 
মম অধরা অবনী পরে।
ভাবনাতে মরি কে ধরিবে তরী
তুমি বিনে নাহি পথ,
ক্ষমা করো হযরত।

জীবন সায়াহ্নে কেঁদে মরি হায় 
যেতে হবে পরপার,
দাঁড়াবো কেমনে প্রভুর সামনে 
আমি পাপী গোনাহগার।
শেষ বিচারের কাণ্ডারি তুমি 
চাই তব রহমত,
ক্ষমা করো হযরত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়