বর্ষ বরণ
বর্ষ বরণ
হিফজুর রহমান লস্কর
তারিখ- ১৩/০৪/২০২১
পুরাতন বর্ষের হবে অবসান সব স্মৃতি হবে ম্লান
নববর্ষের আগমনে।
বর্ষ আসে বর্ষ যায় স্মৃতির পতাকা উড়ায়
ভাবি আনমনে।
মনে ভাবি কিছু লিখি সত্য যাহা চোখে দেখি
যেন স্মৃতি হয়ে রই।
নতুন সে দিন গুলো খুলে দিক দ্বার গুলো
সকলের তরে সুরভিত হই।
পুরাতন বর্ষ শেষে নব বর্ষ আসে হেসে
বিতাড়িতে বিষাদের ছাপ।
কেউবা বিদায় কালে ভাসি নয়নের জলে
রচিছে সংলাপ।
কাহারো পুঞ্জিত ব্যথা বেদনা বিভোর কথা
মুছে যাক সব বৈশাখী ঝড়ে।
একটি বছর গেল সবই ছিল এলোমেলো
স্মৃতির পাতায় রবে পড়ে।
অগুনন তাজা প্রাণ ভেঙ্গে হল খান খান
জীবন জীবিকা হেরে।
ভাঙ্গা জরা দিন তায় যন্ত্রণা কথা কয়
কি প্রত্যাশা শুশ্রূষার তরে।
নববর্ষে হরষিত মন পুরাতনে অশ্রু বিসর্জন
সারা বৎসর ছিল যে বিষাদ।
এইটুকু মনে আশা নববর্ষ হবে খাসা
পূর্ণ হবে মনোস্বাধ।
নববর্ষের নতুন সকাল মুছে নিক যত আকাল
ঘুচে যাক যত কালিমা রেখা।
মুকুলিত হোক আশা প্রেম প্রীতি ভালোবাসা
পরশি সূর্যোদয় সূর্যরশ্মি ঢাকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন