মানুষের মতো মানুষ
মানুষের মতো মানুষ হলে
মরণেও আসে জয়,
মানবতা নিয়ে বাঁচে যারা
থাকেনা কোনো ভয়।
বুকের গভীরে আলো জ্বেলে
হাঁটে ন্যায়ের পথে,
ইনসাফ তার রক্তে মিশে
লড়ে যায় শত শতে।
নিজের সুখ তুচ্ছ করে
পরের ব্যথায় কাঁদে,
ক্ষুধার্ত মুখে অন্ন তুলে
নিজে উপোস সাধে।
ধর্ম-বর্ণ-গোত্র ভুলে
দুর্দিনে বাড়ায় হাত,
সত্যের পতাকা উঁচু ধরে
দাঁড়ায় ঝড়ের সাথ।
টাকা-পয়সা, মান-সম্মান
কিছুই চায় না সে,
মানুষ হয়ে মানুষের তরে
বিলিয়ে দেয় নিঃশেষে।
ন্যায় নীতি আর ইনসাফ শুধু
যার হৃদয়ে রয়,
পরের তরে কাজ করে যায়
হয়না পরাজয়।
তাইতো মৃত্যু ছুঁতে পারে না
এমন প্রাণের দীপ,
কবরে শুয়েও জেগে থাকে
তার কর্মের প্রদীপ।
এসো বন্ধু, শপথ করি
মানুষ হবো আজ,
মানবতার এই মিছিলে
ধরবো সত্যের সাজ।
মরণ এলেও ভয় কি তাতে?
বাঁচবো কর্মে অক্ষয়,
মানুষের মতো মানুষ হলে
মরণেও আসে জয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন