বিশ্ব দাবার গুরুজন



বিশ্ব জুড়ে কোন সে শক্তি 
সবার সাথে খেলছে খেলা,  
যাহার চালে কাঁপছে ভুবন  
উত্থান পতন চলছে মেলা।  

কালো সাদা ঘরের ছকে  
রাজা রানী দাঁড়ায় পাশে,  
হাতি ঘোড়া নৌকা সেপাই  
মরণ-বাঁচন যুদ্ধে আসে।  

গুরু বসে নীরব মুখে  
চোখের কোণে বিজলি হাসে,  
একটি চালে মাত করে দেয়  
সারা দুনিয়া চমকে ভাসে।  

কেউ ভাবে সে বন্ধু বটে  
কেউ বলে সে শত্রু ভারী,  
গুরু শুধু চাল চেলে যায়  
নেইকো তাহার বাড়ি-গাড়ি।  

মিডিয়া রানী ঘুরে বেড়ায়  
সাদাকে কালো করতে পারে,  
জনগণ সব বোড়ের দলে  
মরে বাঁচে হাজার বারে।  

আড়াল থেকে শুধুই হাসে 
কেউ দেখে না তাহার ছায়া,
যুদ্ধ বাধায় তালি বাজায়  
বেচে অস্ত্র, কিনে কায়া।

হারলে পরে নতুন গুটি  
চাল দিয়ে ফের তুলবে খাড়া,  
জিতলে পরে শান্তি বেচে  
লাভের গোলা ভরবে পাড়া।  

তবুও মানুষ দাবাড়ে বসে  
গুরুর চালে নাচতে থাকে,  
ভাইয়ের বুকে ছুরি বসায়  
বোড়ের মতো মরতে ডাকে।  

ওরে ও দাবার বোড়ের দল  
গুরু তোমায় খেলছে খেলা,
একবার তো চোখটি খোলো 
ঘুমিয়ে কেন কাটাও বেলা।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

টক ঝাল মিষ্টি

লুটছে যত রাজভাণ্ডারী