টক ঝাল মিষ্টি
ছোট ছেলে মাকে বলে যাবে মামা বাড়ি,
'মাগো তুমি পরে নাও টুকটুকে শাড়ি।
মামা বাড়ি কত মজা আছে কত ফল,
সেই সব মনে হলে মুখে আসে জল।
পড়াশোনা কিছু নেই ঘুরি সারাবেলা,
কাঁচা পাকা ফল খেয়ে কেটে যায় বেলা।
লাগবে না ভাড়া মাগো পায়ে হেঁটে যাব,
ছিপ দিয়ে মাছ ধরে ভাজা করে খাব।
মাসি সাথে খাব সেথা টক ঝাল মিষ্টি,
নাইবো দুজনে মিলে, আসে যদি বৃষ্টি।
মুড়ি ভাজা লাড্ডু খাবো বিকালের বেলা,
কভুও করে না তারা আমাকে যে হেলা।
আম জাম পেঁপে মিঠা আছে আনারস,
গুঁড়ি দিয়ে পিঠে পুলি খেজুরের রস।
নানী এনে মিঠে কলা দেয় দুধভাতে,
পাশে শুয়ে রূপকথা শুনবো যে রাতে।'
বলতে বলতে তার চোখে আসে জল,
জ্বেদ ধরে মাকে বলে 'যাবে কি না বল?'
'পড়াশোনা আছে বাবা পূজো এলে যাবে,
বন্ধে তে মামার বাড়ি সবকিছু পাবে।'
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন