চাষীর হাসি



রোদে পুড়ে মেঘে ভিজে  
আমার দেশের চাষা,  
ফলায় ফসল বাঁচায় মোদের  
দুখে বাঁধা বাসা।  

ভোরের শিশির পায়ে মেখে  
মাঠের পথে ছোটে,  
লাঙল কাঁধে স্বপ্ন বোনে  
সোনার ফসল ফোটে।  

সার-বীজ আর ঋণের বোঝা  
মাথার পরে রাখে,  
রোদ-বৃষ্টি ঝড়ের মাঝে  
সবুজ স্বপ্ন আঁকে।

হাটের দিনে ধানের বস্তা  
নিয়ে যখন যায়,  
দালাল এসে দাম কষে দেয়  
চাষীর বুক শুকায়।  

সিন্ডিকেটের প্যাঁচে পড়ে  
দাম পায় না মোটে,  
ঘামের দামে জোটে না ভাত  
চোখের জলই ফোটে।  

যদি পেতো ন্যায্য মূল্য  
শ্রমের হিসাব কষে,  
দুঃখ-পোড়া দিনগুলো তার  
ভরে উঠতো রসে।

রাষ্ট্র যদি পাশে দাঁড়ায়  
গড়ে দেয় গোলা,  
মধ্যস্বত্ব লোপ পেলে তবে  
ঘুচবে সকল জ্বালা।  

চাষী বাঁচলে দেশ বাঁচবে  
পেটটি ভরবে সবার,  
ফসলের দাম ন্যায্য হোক 
 কৃষকেরই অধিকার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

টক ঝাল মিষ্টি

লুটছে যত রাজভাণ্ডারী