মানুষ আগে জাত পরে



জাতের গর্ব করে যারা তারাই আসল ভণ্ড,  
জাতটারে তো আমরাই গড়ি করে খণ্ড খণ্ড।  
মানব কোলে জন্ম যার সে তো মানব শিশু,  
আমরাই দিই জাতের তকমা বানাই যীশু বিশু।  

একই স্রষ্টার সৃষ্টি সবাই নিচ্ছে ভিন্ন সাজ,  
ধর্মের নামে হানাহানি করছে ঘৃণার কাজ।  
স্বার্থের তরে অন্ধ হয়ে করছে মানুষ ভুল,  
হাজার ডালে গাছের শোভা রস টানে এক মূল।  

রক্ত সবার লাল যে ভাই চোখের জলও নোনা,  
তবুও কেন উঁচু-নিচু মিথ্যে বেড়ি বোনা?  
মসজিদে ওই আজান শুনি মন্দিরে বাজে শাঁখ,  
সুর তো দু’টোর একই বলে মানুষ হওয়াই ডাক।  

কালো ধলো বাদামি মুখ একই রোদে পোড়ে,  
মায়ের বুকে দুধের স্বাদ ভেদ কি তাতে গড়ে?  
ধর্ম বেচে পেট চালায় যারা দাঙ্গাবাজের দল,  
ভাইয়ে ভাইয়ে লড়াই বাধায় আগুন ঢালে ছল।  

টুপি তিলক মালা জপে ভেতর বিষে ভরা,  
ধর্মের নামে ব্যবসা করে মানুষ মারে ওরা।  
ভোটের বেলায় ধর্ম তুলে নেতা সাজে সাধু,  
রাজনীতিরই ঢাল যে ধর্ম জনগণ খায় ধাঁধু।  

জাতের নামে ভাগ করো না ভাগ করো না ভাই,  
কবরে গেলে মাটিই শেষে জাত কুল কোথায় পাই?  

-

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

টক ঝাল মিষ্টি

লুটছে যত রাজভাণ্ডারী