খুলবে কি কেউ রাজ
মুখে সদাই ন্যায়ের বুলি
জপমালা হাতে,
দিনের বেলা সমাজ সেবা
ভণ্ড আঁধার রাতে।
চতুরতায় সিদ্ধহস্ত
পাতে নানান ফাঁদ,
দুর্নীতি আর অপকর্মে
মিটায় মনের সাধ।
নেতার প্রভাব-গায়ের জোরে
গোপন থাকে রাজ,
আঁধার ঘরে করে চলে
নানান বেঠিক কাজ।
প্রাণের ভয়ে সব হারিয়ে
কেউ করে না গোল,
সত্য বললে টাকার জোরে
কেড়ে নেয় শেষ বোল।
কোটি টাকার আরামবাগে
কাটায় নিশি ঘোর,
খুলবে কি কেউ এদের মুখোশ
হবে নতুন ভোর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন