জুবিন দা স্মরণে
লুইত কণ্ঠ স্মরি অগুনিত প্রেম ভরি
ফিরে এসো হে জুবিন গার্গ।
নিঃস্বের সঙ্গী তুমি সার্থক আসাম ভুমি
তুমি দেখায়েছ সঠিক মার্গ।
জাতি ধর্ম নাহি চাই মানবতা যদি পাই
নেই যেথা বিভেদের সুর।
করনি সুখের আশা দিয়েছিলে ভালোবাসা
হৃদয়ে তে আছো ভরপুর।
ভাবনায় অধীর হয়ে ঘুরে ছিলে লোকালয়ে
দেখেছিলে প্রকৃতির রূপ।
বিষাক্ত বায়ুর ঝড়ে তোমা কাছে ধরা পড়ে
মানবের নগ্ন স্বরূপ।
জীবনে হৃদয় খুলে তাই তুমি গেয়েছিলে
সাম্য মৈত্রী একতার গান।
অভুক্ত মানব তরে সুরের মূর্ছনা ধরে
কাঁদিত সদাই তব প্রাণ।
হৃদয় ছুঁয়েছে সুর তাই তুমি নহ দূর
আছ এই আমাদের মাঝে।
হাজার বছর পরে বলিব যে প্রেম ভরে
তব সুর ধমনীতে 'রাজে।
জাতি ধর্ম এক করে দেখেছ যে প্রেম ভরে
ছিলে তুমি বড় সিধে সাদা।
আজি তব জন্মদিনে স্মরণ করি অবিহনে
যেথা আছ সুখে থাক দাদা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন