আসল গুগল



স্কুল যাচ্ছে নাতি নাতনি কুয়াশা ভেজা প্রাতে,
দাদু যাচ্ছে সঙ্গে তাদের লাঠি নিয়ে হাতে।
প্রাতঃভ্রমণ করতে করতে গল্প বলেন দাদু ,
 চরিত্র আর নীতি শিক্ষার এ যেন এক জাদু।
হাঁটতে হাঁটতে ক্লান্ত দাদু বসেন পথের ধারে,
কপালে তাঁর চিন্তার ভাঁজ দোষটা দিবেন কারে?
আজকালকার ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত,
হ্যালো গুগল হাই গুগল এনিয়েই সব সন্ত্রস্ত ।
পড়ার নামে মোবাইল ঘাঁটা এ যেন এক নেশা,
দুর্নীতি তাই বাড়ছে দেশে বাড়ছে বাজে পেশা।
আসল শিক্ষা নীতি শিক্ষা মোবাইলে কি পেল?
দিবানিশি গুগল ঘেঁটে বলো কি লাভ  হলো?
ভাবতে ভাবতে বলেন দাদু গোল্লায় গেল দেশ,
নীতি কথা আর গল্প কথায় মানুষ বানায় বেশ।
বুঝলে তারা শিখবে অনেক দাদুর সাথে হেঁটে,
পাবেনা কেউ এমন শিক্ষা দিনরাত গুগল ঘেঁটে।
গল্পের মাঝেই নীতি শিক্ষা গুণীজন যা খুঁজে,
 দাদুরাই তো আসল গুগল সেটা ক'জন বুঝে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়