প্রাণীহত্যা মহাপাপ
সে অনেক আগের কথা। এক গ্রামে এক সাধু বাস করতেন। তিনি অত্যন্ত সহজ সরল ও ধার্মিক ছিলেন। পাশের মাঠে কৃষি কাজ করেই তিনি জীবিকা নির্বাহ করতেন।
একদিন সেই সাধু তার কৃষি মাঠে শস্য বপন করেন এবং ঘুঘু পাখির উপদ্রব থেকে রক্ষা করার জন্য শস্যের উপর জাল ফেলে রেখেছিলেন। পরদিন ঘুঘু পাখির দল সেখানে শস্য খাওয়ার জন্য যায় কিন্তু মাঠে জাল ফেলে রাখায় তারা কতক্ষন হাঁটাহাঁটি করে চলে যাচ্ছিল এমন সময় একটা বাজপাখি তাদের ধরার জন্য ধাওয়া করে এবং জালে এসে ফেঁসে যায়। তার নখ লম্বা এবং ধারালো থাকায় যতই সে ছোটার জন্য ছটফট করে ততই আরো বেশি ফাঁসতে থাকে। এক সময় সে ক্লান্ত হয়ে পড়ে রইল।
সেদিন সন্ধ্যার পর একটি শেয়াল সেদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ পাখিটি তার নজরে পড়ে। সে দ্রুত এগিয়ে গিয়ে খাওয়ার জন্য ধরে কিন্তু বিধি বাম। বাজপাখিটাকে জাল থেকে ছুটাতে গিয়ে শেয়াল নিজে ঐ জালে ফেঁসে যায়। সেদিন রাতে খুব ঝড়বৃষ্টি হওয়ায় শেয়ালও মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়।
পরদিন সকালে সেই সাধু সেখানে এসে এদেরকে দেখতে পান। সাধুকে দেখে শেয়াল প্রথমে কাকুতি মিনতি করে বলল,' হে মহামান্য, আমি এদিক দিয়ে যাওয়ার সময় ঐ বাজপাখিটা আপনার জাল ছেড়ার জন্য টানাটানি করছে দেখে এগিয়ে আসি এবং একে ছাড়ানোর চেষ্টা করি কিন্তু ওকে ছাড়াতে গিয়ে আমি নিজে ফেঁসে যাই, আমি আপনার কোন ক্ষতি করিনি। আমাকে রক্ষা করুন।'
সাধু বললেন,' তা তো ঠিক, তাহলে তোমার তো কোনো দোষ নেই। ঐ বাজপাখিটাকে মেরে ফেলতে হবে।' তুমি সত্যি কথা বলেছ তাই তোমাকে ছেড়ে দিতে পারি।'
বাজপাখি এতক্ষণ তাদের কথাবার্তা শুনছিল। এবার সে সাহস পেয়ে বলল,' মহারাজ, আমিও তো কোন দোষ করিনি। একঝাঁক ঘুঘু পাখি আপনার শস্য খেতে এসেছিল, আমি তাদের তাড়াতে এসে ফেঁসে গেছি আর এই সুযোগে এই শেয়ালটা আমাকে খাওয়ার জন্য এসেছিল। সাধু মুচকি হেসে বললেন,' তাও তো ঠিক। তবে তোমরা দুজনেই মিথ্যে কথা বলছো । কারণ তোমরা দুজনেই নিজেদের উদর পূর্তির জন্য অন্যকে মেরে খেতে চেষ্টা করেছ , যা করা উচিত নয়। এজন্য তোমাদের শাস্তি হওয়া উচিত।'
বাজপাখি ও শেয়াল উভয়েই সাধুর কথায় কিছুটা সাহস পেয়ে ছেড়ে দেওয়ার জন্য এবার কান্নাকাটি শুরু করে ।
তখন সাধু বললেন,' তোমরা দুজনেই মিথ্যে কথা বলছ আমি জানি। তবে তোমরা প্রাণের ভয়ে মিথ্যে কথা বলছো এটাও ঠিক। যেখানে প্রাণের ভয় সেখানে মিথ্যা বলা পাপ নয়। তাই আমি তোমাদের ক্ষমা করতে পারি। তবে একটা কথা মনে রাখবে প্রত্যেক প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে। প্রাণী হত্যা মহাপাপ। এই নিদারুণ বিপদে পড়ে আমার মনে হয় তোমরা দুজনেই এখন বুঝতে পারছো-, কেউ তোমাকে ধরে মেরে ফেললে কেমন লাগে। কাজেই নিজের প্রতি অন্যের যে আচরণ তোমার ভাল লাগে না তুমিও অন্যের প্রতি সে আচরন করো না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন