রণধীর ডাক্তার
লাউ সম ভুঁড়ি তার রণধীর ডাক্তার,
টাক মাথায় চুল নেই চেহারাটা মজাদার।
ফাঁকা দাঁতে দেয় হাসি রোগী থাকে মুখ চেয়ে,
জর্দাতে পান খায় রস পড়ে গাল বেয়ে।
জোড়াতালি দিয়ে পরে ধুতি আর পাঞ্জাবি,
সাদা রঙ্গে পিক পড়ে হয়ে যায় খয়েরী।
ঠগবাজী বুদ্ধিতে নেই কোন জুড়ি তার,
ফার্মেসির পেছনেতে বানিয়েছে চেম্বার।
রোগী দেখে হেলেদুলে রোজ দিন সকালে,
স্টেথোস্কোপ গলে রেখে হাত দেয় কপালে।
চোখ দেখে রোগীদের বলে দেয় পালস রেট,
বেশি দামে বেচে সদা সরকারি টেবলেট।
সব রোগে দিয়ে যায় এন্টাসিড কুইনাইন,
বেশি কথা বললেই রোগীদের করে ফাইন।
একদিন বৈকালে ঘটিল এক কাণ্ড,
ডায়েরিয়া রোগী এসে করে সব লণ্ডভণ্ড।
দেখতে দেখতে রোগী হয়ে গেল কঙ্কাল,
হাউমাউ করে রণ ঘটিল কি জঞ্জাল।
হেনকালে পুলিশ এসে ধরে নেয় ডাক্তারে,
ঠগবাজীর ফলটা সে পেল বুঝি আহারে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন